ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম; হত্যাচেষ্টা হলে ক্ষেপণাস্ত্র হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটির বিরুদ্ধে হাজারো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং সেগুলোর লক্ষ্য ইসলামিক রিপাবলিক অব ইরান। ইরান সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা বা হত্যার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে আরও হাজারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।’

ট্রাম্প আরও দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বছরের জন্য, প্রয়োজনে মেয়াদ বাড়িয়ে, ইরানের সব এলাকা সম্পূর্ণ ধ্বংস করার মতো অভিযানে অংশ নিতে প্রস্তুত। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। তবে তার দাবি, তেহরানের অনুরোধে দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যেতে ওয়াশিংটন সম্মত হয়েছে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন গোয়েন্দা তথ্য ভাগ করেছে, যাতে দাবি করা হয়েছে ইরান ট্রাম্পকে হত্যার নতুন একটি পরিকল্পনা করেছে। গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করে। এর লক্ষ্য ছিল ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো এবং একটি স্থায়ী শান্তিচুক্তির পথ তৈরি করা।

সমঝোতা স্মারকে সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার কথা বলা হয়েছিল। তবে এ সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরানও অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।

এএম