স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল (বুধবার, ৮ জুলাই) রাতে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লস্করদী গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মতিন (৫০) এবং একই এলাকার রেয়াজ উদ্দিনের ছেলে দেলোয়ারের (৪৮) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ওইদিন রাতে উভয়পক্ষের সমর্থকরা দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনায় মতিন ও দেলোয়ারসহ উভয় পক্ষের মামুন (৩০), সিয়াম এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পর পরই আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
আহতদের মধ্যে মুক্তার ভূঁইয়ার ছেলে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে ওই রাতেই তাকে ধানমন্ডির পপুলার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে সিয়াম মারা যান।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে মারা যান। এ বিষয়ে এখনও ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেনি।’
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।





