উশাকভ বলেন, আগামী সপ্তাহে তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনে অংশগ্রহণের প্রেক্ষাপটে ট্রাম্প এই প্রস্তাব দিয়েছেন। তার ভাষায়, ‘মার্কিন প্রেসিডেন্ট আবারও নিশ্চিত করেছেন যে, তিনি দ্রুত যুদ্ধ বন্ধ এবং সংকট নিরসনের সমাধান খুঁজে বের করতে কাজ করতে প্রস্তুত।’
উশাকভ জানান, রাশিয়া ‘সংঘাতের একটি রাজনৈতিক-কূটনৈতিক সমাধান’ চায়, যেখানে ‘মস্কোর মৌলিক দৃষ্টিভঙ্গি যথাযথভাবে বিবেচনায় নিতে হবে’। তিনি অভিযোগ করেন, কিয়েভ ও তার ইউরোপীয় মিত্ররা ‘সংঘাত দীর্ঘায়িত ও তীব্র করার এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর ওপর নির্ভর করছে।’ এখানে তিনি মূলত রাশিয়ার তেল শিল্পসংশ্লিষ্ট স্থাপনায় ইউক্রেনের দূরপাল্লার হামলার কথা উল্লেখ করেন।
তিনি ট্রাম্পের বরাত দিয়ে বলেন, ওয়াশিংটনের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সমঝোতার চেষ্টা চালিয়ে যাবেন এবং আরও একবার মস্কো সফরের জন্যও তারা প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই রুশ কমান্ডাররা পুতিনকে জানান, তাদের সেনারা পূর্ব ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর কোস্তিয়ানতিনিভকা দখল করেছে। তবে পরদিন ৪ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির জেনারেল স্টাফ এই দাবি নাকচ করে জানান, শহরটি এখনো কিয়েভের নিয়ন্ত্রণেই রয়েছে।





