যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের ব্ল্যাক হিলস অঞ্চলে অবস্থিত বিশ্ববিখ্যাত স্মৃতিসৌধ মাউন্ট রাশমোর। জর্জ ওয়াশিংটন, টমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন- চার প্রেসিডেন্টের প্রতিকৃতি নিয়ে তৈরি ৬০ ফুট উঁচু এই মনুমেন্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক এই স্মৃতিসৌধ ভ্রমণ করে স্বাধীনতা দিবসের সন্ধ্যার সূচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্বাধীনতার কাণ্ডারিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করেন বক্তব্য। এসময় মধ্যবর্তী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে প্রগতিশীল ডেমোক্র্যাটদের একহাত নিয়েছেন ট্রাম্প। বামপন্থী ডেমোক্র্যাটিক প্রার্থীদের সাম্প্রতিক ধারাবাহিক সাফল্য রীতিমতো ভোগাচ্ছে রিপাবলিকানদের। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তা, প্রগতিশীল ডেমোক্র্যাটরা একধরনের কমিউনিস্ট হুমকি সৃষ্টি করছে, যা জাতির কর্ণধারদের স্বপ্ন ধূলিসাৎ করে দেবে।
এদিকে, তীব্র দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেশটির স্বাধীনতা দিবস উদযাপন ব্যাহত হচ্ছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ারও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বোস্টনের মতো শহরগুলোতে রোদের তীব্রতা এড়াতে দুপুরের অনুষ্ঠানগুলো বিকেলে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য শহরে কুলিং সেন্টার ও মিস্ট স্টেশন বসানো হয়েছে।
প্রচণ্ড গরমে বাতিল করা হয়েছে ফিলাডেলফিয়ার বিখ্যাত স্যালুট টু ইন্ডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড। নিউ জার্সির হ্যাডন টাউনশিপ এবং নিউ ইয়র্কের ওয়াটারটাউনে বন্ধ করা হয়েছে প্যারেড ও কনসার্ট।





