পিরোজপুরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

গ্রেপ্তার হওয়া তিনজন
গ্রেপ্তার হওয়া তিনজন | ছবি: এখন টিভি
0

পিরোজপুর সদর উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শুক্রবার, ৩ জুলাই) ভোররাতে উপজেলার কদমতলা বাজার ও টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মোহাম্মদ আল-আমিন শেখ ও আলী হোসেন (৪০)।

আজ দুপুরে পিরোজপুর সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, শুক্রবার ভোরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এসআই রাধা রমন ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অস্ত্র ও মাদক উদ্ধার এবং সন্ত্রাসী গ্রেপ্তারে অভিযানে নামে।

আরও পড়ুন:

অভিযানের শুরুতে কদমতলা বাজার এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসান ও আল-আমিন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটকরা স্বীকার করেন, ৩০ হাজার টাকার বিনিময়ে একটি বিদেশি পিস্তল ও গুলি বিক্রির চুক্তি হয়েছে।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত টোনা ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় আলী হোসেনের বাড়িতে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধারসহ আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’

এসএস