শ্রমবাজারে সিন্ডিকেট ভাঙতে একমত বাংলাদেশ–মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী | ছবি:
0

সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়ায় আর কর্মী পাঠাবে না বাংলাদেশ। আগামী জুলাইয়ে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরে আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুরে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি আরও জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় ও স্বল্প খরচে কর্মী পাঠানোর বিষয়টি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরের সময় চূড়ান্ত হতে পারে।

মন্ত্রী বলেন, কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠানো হবে না। এ বিষয়ে দুই দেশের অবস্থান একই।

এর আগে, সোমবার মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে দুই দিনের সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক এবং পরে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও দেশটির ছয়টি বড় ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি।

আরও পড়ুন:

দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনের বিষয়ে গবেষণা সক্ষমতা বাড়াতে সহযোগিতাসংক্রান্ত একটি দলিল এবং বিনিয়োগসংক্রান্ত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।

এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি এবং আঞ্চলিক বিষয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্মত হয় বাংলাদেশ ও মালয়েশিয়া।

এফএস