মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে আসছেন প্রধানমন্ত্রী; চলছে শেষ মুহূর্তের আয়োজন

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে চলছে আয়োজন
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে চলছে আয়োজন | ছবি: এখন টিভি
1

দীর্ঘ ২১ বছর পর চায়ের দেশ মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (বুধবার, ১৭ জুন) সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট যাবেন। এরপর পর্যায়ক্রমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার সদরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এদিকে জেলার দুটি উপজেলার অনুষ্ঠানকে ঘিরে মাঠ প্রস্তুত এবং মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা রাত দিন পরিশ্রম করেছেন।

প্রধানমন্ত্রীর সফর সূচী অনুযায়ী তিনি বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে, সড়ক পথে দুপুর ১টায় প্রথমে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে সেখানে ১৫৫ জন নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

পরে সেখান থেকে দুপুর ২টা ৩০ মিনিটে সড়ক পথে মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছে সেখানে আয়োজিত রাজনগর উপজেলার জন্য বরাদ্দকৃত ১৫২ জন নিম্নআয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণসহ সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

পরে দুপুর সাড়ে তিনটায় স্থানীয় দুসাই রিসোর্টে বিশ্রাম ও সেখানে দলীয় নেতাদের নিয়ে রাজনৈতিক সভায় যোগ দিবেন। পরে বিকেল ৫টা ৪৫ মিনিটে সড়ক পথে সিলেট বিমানবন্দরের উদ্দেশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, জাতীয় নির্বাচনের অল্প কয়েক দিন আগে তিনি মৌলভীবাজারের আইনপুর এলাকায় নির্বাচনি জনসভায় বলেছিলেন, আপনারা ধানের শীষে ভোট দিলে দল সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হিসাবে আসবো। ফলে মাত্র চার মাসের মাথায় প্রধানমন্ত্রী হিসাবে তার আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

সরকার প্রধানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সবার মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে বলেও জানান তারা। তারা শহরের গুরুত্বপূর্ণ সড়কে দলের চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।

মৌলভীবাজার-৩(রাজনগর-সদর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে মৌলভীবাজার বাসীর দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শমসেরনগর বিমানবন্দর চালু করা, প্রস্তাবিত মিরপুর-শ্রীমঙ্গল হয়ে শেরপুর বাইপাস সড়ক নির্মাণসহ পর্যটন এলাকার জন্য বিভিন্ন উন্নয়নের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।’ একই কথা জানান, মুজিবুর রহমান চৌধুরী, সংসদ সদস্য মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল)।

প্রধানমন্ত্রীর আগমন অনুষ্ঠানকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ, আসন বিন্যাস, প্রবেশ ও প্রস্থান পথসহ পুরো মাঠের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে জেলা প্রশাসন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

এ বিষয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল বলেন, ‘এএসএফ ফোর্সসহ আর্মি, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কাজ করছে।’

এএইচ