২০১৮ সালে হয়নি, ২০২২ সালেও না। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার রেকর্ডটা আর্জেন্টিনার জন্য নতুন না। শিরোপা ধরে রাখার মিশনে শুরুর ধাপে আকাশী-সাদারা তাই কিছুটা সতর্ক। অনুশীলনে দুই আলাদা ফর্মেশনে দলকে চালিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ৩-৫-২ নাকি ৪-৩-৩ কোন ফর্মেশনে নামবে আলবিসেলেস্তেরা, সেটাও এক রহস্যই বটে।
উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনার জন্য বড় প্রশ্ন গোলস্কোরার নিয়ে। হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ দুজনেই বিশ্বকাপ বাছাইয়ে করেছেন ৪টি করে গোল। ক্লাবেও ভালো সময় পার করেছেন। স্বাভাবিকভাবেই গোল করার দায়িত্বটা মেসির পাশাপাশি থাকবে এই দুজনের কাছে। তবে শেষ পর্যন্ত কে থাকবেন চূড়ান্ত একাদশে তা নিয়ে মেলেনি আভাস।
আরও পড়ুন:
অবশ্য প্রতিপক্ষ আলজেরিয়াকে নিয়ে বেশ সাবধানী কোচ স্কালোনি। ব্রাজিল এবং স্পেন ম্যাচের উদাহরণ টেনে বললেন, আর্জেন্টাইনদের সামনে আত্মতুষ্টির সুযোগ নেই
দ্য ডেজার্ট ওয়ারিয়র্স খ্যাত আলজেরিয়াকে এ ম্যাচে পিছিয়ে রাখার সুযোগ নেই। রিয়াদ মাহরেজের মতো বড় তারকা আছে স্কোয়াডে। সেই সঙ্গে ইব্রাহিম মাজা, রায়ান আইত নুরির গতি পরীক্ষা নেবে আর্জেন্টাইন রক্ষণের। গোলবারের নিচে আছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানপুত্র লুকা জিদান।
আলজেরিয়ার বিপক্ষে একবারই খেলেছে আর্জেন্টিনা। প্রায় দুই দশক আগের সে ম্যাচ মেসির প্রথম আন্তর্জাতিক জোড়া গোলের সাক্ষী। তবে আর্জেন্টিনাকে জিততে কাঠখড় পোহাতে হয়েছিল। সাম্প্রতিক ফর্ম কিংবা র্যাংকিং সবই আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। তবু বিশ্বকাপের মঞ্চ আর অনিশ্চয়তার ফুটবলে নির্ভার থাকার উপায় কই?




