ব্রাজিলকে থামিয়ে মরক্কোর উল্লাস, হতাশ আনচেলত্তির দল

ব্রাজিল বনাম মরক্কো
ব্রাজিল বনাম মরক্কো | ছবি : সংগৃহীত
0

মরক্কোর বিপক্ষে ম্যাচে ড্র করার পর হতাশায় ডুবছে ব্রাজিল। নিজেদের গুছিয়ে নিয়ে সামনে এগোনোর পরিকল্পনা শোনা গেল কোচ কার্লো আনচেলত্তির কাছে। অন্যদিকে ১-১ গোলের এই ফলাফলেই আনন্দ চলছে অ্যাটলাস লায়ন্সদের ঘরে। ব্রাজিলকে রুখে দেয়ায় খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বসিত মরক্কোর সাধারণ মানুষ।

শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ষষ্ঠ শিরোপার জন্য লড়াইয়ে নেমে মরক্কোর বিপক্ষে তাদের ড্র ১-১ গোলে। র‌্যাঙ্কিংয়ে প্রায় সমানে সমান হলেও ম্যাচে বড় রকমের আধিপত্য দেখিয়েছে মরক্কোই। শুরুর ৩০ মিনিটেই নিজেদের গোলমুখে ১২ শট সামাল দিতে হয়েছে সেলেসাওদের। এরপর মরক্কো নিজেদের কিছুটা গুটিয়ে নিলেও ব্রাজিল আর ম্যাচে ফিরতে পারেনি।

এমন ফলাফলের পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুল করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। মরক্কোকে গোছানো দল হিসেবে কৃতিত্ব দিলেও নিজের স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে দুশ্চিন্তাও আছেন ইতালিয়ান এ কোচের মাঝে।

ব্রাজিলের কোচ বলেন, ‘আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি। মাঠে দলকে কিছুটা ভারসাম্যহীনও মনে হয়েছে। পরের ম্যাচে দল ভালো করবে। প্রথমার্ধে অনেক সমস্যা ছিলো, পা থেকে বল হারিয়েছি। এসব ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমাদের আত্মবিশ্বাস হারানো চলবে না। বিশ্বকাপের প্রথম ম্যাচে যে কোনো কিছুই হতে পারে।’

এদিকে ম্যাচ শেষে মাঠের ঘাসের ওপর দায় চাপিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

আরও পড়ুন:

ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘আবহাওয়া এবং গরমের জন্য ঘাস দ্রুত শুকিয়ে আসছিল। আর তাতে খেলার গতিও কমে আসে। এতে খেলা কঠিন হয়ে আসে। আমরা বল নিয়ে এগোতে চাইছিলাম। আর ঘাসের কারণে আমাদের খেলা থেমে আসছিল।’

তবে একেবারেই ভিন্ন চিত্র মরক্কোতে। নিউইয়র্কে জড়ো হওয়া ভক্তদের পাশাপাশি দেশটির রাজধানী কাসাব্লাঙ্কায় চলেছে উৎসব। ব্রাজিলের বিপক্ষে জয় না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলছেন তারা।

মরক্কোর সমর্থকদের একজন বলেন, ‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা। আমরা সবাই দেখেছি, খুবই ভালো খেলা হচ্ছিল। দুর্ভাগ্যবশত, আরও কিছু গোল করার মতো ভাগ্য আমাদের ছিলো না। ম্যাচ খুবই উপভোগ্য ছিলো। আমি আশা করছিলাম, মরক্কো ২-১ গোলে জয় পাবে। কিন্তু ভাগ্য আমাদের পাশে ছিলো না। আল্লাহ চাইলে, আমরা পরের ম্যাচে ভালো ফল নিয়ে আসবো।’

দুই দলেরই পরের ম্যাচ আগামী ২০ জুন। বিশ্বকাপে তাদের গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং হাইতি।

এফএস