ফেভারিট ব্রাজিলের বিপক্ষে আফ্রিকার সিংহদের দাপট

ব্রাজিল বনাম মরোক্ক
ব্রাজিল বনাম মরোক্ক | ছবি: সংগৃহীত
0

ফিফা র‌্যাংকিংয়ে কাছাকাছি হলেও মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগে ফেভারিট ছিলো ব্রাজিলই। তবে মাঠের খেলায় দাপট দেখিয়েছে আফ্রিকার অদম্য সিংহরাই। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে সেলেসাওদের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণ কী হতে পারে?

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ব্রাজিল। ফেভারিট হিসেবে খেলতে নেমে এমন ফল সেলেসাও সমর্থকদের করেছে হতাশ। ম্যাচে বেশ কিছু জায়গায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘাটতি ছিল চোখে পড়ার মতো।

ম্যাচের একদম শুরু থেকেই ভুল পাসের মহড়া দিয়েছে ব্রাজিল। দলে ছিল না অ্যাটাকিং ফুলব্যাক, যিনি ওভারল্যাপিংয়ের মাধ্যমে স্পেস তৈরি করতে পারেন। রক্ষণে যারা ছিলেন, কেউই প্রেসিং ফুটবল খেলতে পারেননি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ব্রাজিল অন দ্যা বলে পুরো চারজন ফুলব্যাক নিয়ে খেলেছে।

আরও পড়ুন:

মরোক্কোর মিডফিল্ড ভেদ করতে না পারায় উইং দিয়ে আক্রমণে যেতে বাধ্য হয়েছে ব্রাজিল। কিন্তু চারজন ফুলব্যাক নিয়ে উইংয়ে বল পৌঁছে দিতে গিয়ে বারবার বল হারিয়েছে সেলেসাওরা। হোল্ডিং মিডফিল্ডার না থাকায় ম্যাচের গতি নিয়ন্ত্রণেও হিমশিম খেতে হয়েছে দলটিকে।

মরোক্কোর মতো দলের শক্তিশালী মধ্যমাঠ ভাঙতে কুইক রোটেশন, বল সার্কুলেশন ও ক্রিয়েটিভিটি দরকার ছিল। কিন্তু ব্রাজিলের কোনো মিডফিল্ডারই এসব করতে পারেননি। ক্যাসেমিরো হলুদ কার্ড খাওয়ায় দ্বিতীয়ার্ধে ফাবিনহোকে নামানো হয়। সেটাও খুব একটা কাজে দেয়নি।

আরও পড়ুন:

আক্রমণভাগে আফসোস বাড়িয়েছেন রাফিনহা। বার্সেলোনায় লেফট উইঙ্গার হিসেবে খেললেও তাকে রাইট উইঙ্গার হিসেবে খেলিয়েছেন কার্লো আনচেলত্তি। তার পাশাপাশি ফরোয়ার্ড রোলে থাকা থিয়াগো কিছু সহজ সুযোগ মিস করেছেন। যা না করলে ফলাফল হতে পারতো অন্যরকম।

হতাশার মাঝেও আশা দেখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। দলের প্রয়োজনে নীচে নেমে বিল্ড আপে সাহায্য করেছেন তিনি, পেয়েছেন গোলও। এছাড়া মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। বর্তমানে র‌্যাংকিংয়ের ৭ নম্বর দল। তাদের সাথে ড্র-কে খারাপ বলা যায় না কোনোভাবেই।

এবারের নতুন ফরম্যাটে প্রতি গ্রুপ থেকে সর্বোচ্চ তিনটি করে দল পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে। তাই হতাশ না হয়ে ভালো ফলাফলের স্বপ্ন দেখতেই পারেন সেলেসাও সমর্থকরা।

এসএস