চুক্তি সই করলেই ইরান অর্থ পাবে না—জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স | ছবি: বিবিসি
0

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তিটি এমনভাবে সাজানো হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্বেগগুলো অগ্রাধিকার পায় বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ (শুক্রবার, ১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেডি ভ্যান্স বলেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরান যদি তাদের বাধ্যবাধকতাগুলো পূরণ করে, তবেই কেবল তারা এবং পুরো অঞ্চল অর্থনৈতিক সুবিধা পাবে।’ তিনি জোর দিয়ে বলেন, ‘কোনো চুক্তিতে কেবল সই করা বা কোনো বৈঠকে যোগ দেয়ার বিনিময়ে ইরানকে কোনো নগদ অর্থ দেয়া হচ্ছে না এবং তাদের কোনো আটকে রাখা সম্পদও ছাড় দেয়া হবে না।’

এই সমঝোতা পুরো অঞ্চলের চেহারা বদলে দেয়া এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা রাখে বলে উল্লেখ করেন তিনি। ভ্যান্স আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘যেকোনো উপায়ে আমাদের জন্য একটি ভালো ফলাফল নিশ্চিত করবেন।’ এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকেও জানানো হয়েছিল যে, এটি একটি ‘পারফরম্যান্স-ভিত্তিক’ চুক্তি হতে যাচ্ছে।

এএম