কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩

দুর্ঘটনাগ্রস্ত দুই ট্রাকের মধ্যে একটি
দুর্ঘটনাগ্রস্ত দুই ট্রাকের মধ্যে একটি | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী জিহাদসহ (১৫) তিনজন আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার, ৯ জুন) ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম আনতে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিলেন চালক সজীব ও সহকারী জিহাদ। পথে নয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজীব নিহত হন; আহত হন অপর ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন।

আরও পড়ুন:

তবে চালক ও হেলপারের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় ট্রাক দু’টি দুমড়ে-মুচড়ে যায় এবং কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ একজনের নিহত ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এসএইচ