হরমুজ প্রণালি পারাপারে জাহাজপ্রতি ২০ লাখ ডলার নিচ্ছে ইরান

হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ
হরমুজ প্রণালি এখনো অবরুদ্ধ | ছবি: বিবিসি
0

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি পারাপার হওয়া বাণিজ্যিক জাহাজগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করছে ইরান। বর্তমানে এই প্রণালি অতিক্রম করতে প্রতিটি জাহাজকে গড়ে ১৫ লাখ থেকে ২০ লাখ মার্কিন ডলার দিতে হচ্ছে। ইরানের পার্লামেন্টের বাজেট ও পরিকল্পনা কমিটির সদস্য মহসেন জানগানেহ এ তথ্য জানিয়েছেন। ফার্সের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (রোববার, ৭ জুন) দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মহসেন জানগানেহ জানান, বাজেট আইন অনুযায়ী সংগৃহীত এই অর্থ সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে এবং পরবর্তীতে তা নির্ধারিত খাতগুলোয় ব্যয় করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জাহাজগুলোর এই বিপুল অঙ্কের অর্থ পরিশোধের প্রক্রিয়াটি সবসময় শুধু নগদ টাকায় সম্পন্ন হয় না। নগদ অর্থের পাশাপাশি অনেক ক্ষেত্রে মার্কিন ডলারের সঙ্গে সম্পৃক্ত ক্রিপ্টোকারেন্সি ‘ইউএস টেথার’ কিংবা পণ্যের বিনিময়ে পণ্য তথা বার্টার পদ্ধতির মাধ্যমেও এই অর্থ আদায় করা হচ্ছে।

এএম