মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের মাত্র ২১-২২ শতাংশ অবশিষ্ট: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন সক্ষমতার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। দেশটির হাতে এখন তাদের মূল মজুতের মাত্র ‘২১ থেকে ২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অধিকাংশ ড্রোন কারখানা ধ্বংস করে দেয়া হয়েছে, অধিকাংশ উৎক্ষেপণ মঞ্চ ধ্বংস করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদনের বেশিরভাগ এলাকাও ধ্বংস করা হয়েছে।’ সাক্ষাৎকারটি আজ (রোববার, ৭ জুন) সম্প্রচারিত হওয়ার কথা থাকলেও এর কিছু অংশ শুক্রবার প্রকাশ করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘তাদের এখনো কিছু সক্ষমতা রয়েছে। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আছে, কিছু ড্রোনও আছে। শতকরা হিসেবে বলতে গেলে, তাদের ক্ষেপণাস্ত্রের প্রায় ২১ থেকে ২২ শতাংশ অবশিষ্ট রয়েছে। এটি অনেক ক্ষেপণাস্ত্র, কিন্তু প্রথম যখন আমরা হামলা শুরু করেছিলাম, তখনকার চেয়ে অনেক কম।’

ইরান এখন বিপর্যস্ত অবস্থায় থাকলেও কেন গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ স্থায়ীভাবে অবসানে কোনো চুক্তিতে আসছে না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তারা গর্বিত। এমন কিছু কাজ তাদের করতে হচ্ছে, যা করার কথা তারা কখনো ভাবেননি। তাদের আর কোনো বিকল্প নেই, তবে এতে একটু সময় লাগে।’

প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া মূল পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর কেন তিনি আরও ভালো কোনো চুক্তি করতে ব্যর্থ হলেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এই ধরনের কাজ করতে অনেক বছর লেগে যায়। এই মানুষগুলো গত ৪৭ বছর ধরে যুদ্ধ করছে।’

এএম