যুক্তরাষ্ট্রের হান্টিংটন ব্যাংক ফিল্ডে ম্যাচের সপ্তম মিনিটে ব্রুনো গিমারেসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে চার মিনিট পরই মার্কিনিয়োসের ভুলে সমতায় ফেরে মিশর, গোল করেন মোস্তাফা জিকো। এরপর পুরো ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখায় সেলেসাওরা। বিরতির পর বদলি হিসেবে নেমেই দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। রাফিনিয়ার পাস থেকে দারুণ এক শটে জয়সূচক গোল করেন তিনি। টানা তৃতীয় জয়ে আত্মবিশ্বাসী ব্রাজিল এখন প্রস্তুতি নিচ্ছে নিজেদের পরবর্তী চ্যালেঞ্জের জন্য।
পর্তুগাল নিজেদের মাঠে প্রথমার্ধে গোল না হলেও বিরতির আগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং লাল কার্ড দেখেন পর্তুগালের রাফায়েল লেয়াও ও চিলির আইভান রোমান। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৫৮ মিনিটে গন্সালো গেদেস গোল করে দলকে এগিয়ে দেন। পরে ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান ২-০ হয়। যোগ করা সময়ে চিলি একটি গোল শোধ করলেও জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল।
আরও পড়ুন
শিকাগোয় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের জার্মানি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কাই হাভার্টজের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে অ্যান্টনি রবিনসন সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে লেরয় সানের গোলে জয় নিশ্চিত করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে ফ্লোরিডায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিলো টমাস টুখেলের ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে হ্যারি কেইনের দুর্দান্ত হেড থেকেই আসে ম্যাচের একমাত্র গোল। জাতীয় দলের হয়ে এটি কেইনের ৭৯তম গোল।
বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে জয় পাওয়ায় আত্মবিশ্বাসে উজ্জীবিত ব্রাজিল, পর্তুগাল, জার্মানি ও ইংল্যান্ড।




