মৃত আসিফ ও সাথী আক্তার ওই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দরের সন্তান।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘আসিফ ও সাথী তাদের মা আছিয়ার সঙ্গে বসবাস করত। আছিয়া পেশায় একজন শ্রমিক। গতকাল (রোববার, ৩১ মে) তিনি কাজের উদ্দেশ্যে বাইরে যান। সন্ধ্যায় বাড়ি ফিরে ছেলে-মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে তল্লাশি চালান।’
একপর্যায়ে রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি চালিয়ে সেখান থেকে সাথী আক্তারের মরদেহও উদ্ধার করেন।
স্থানীয়দের ধারণা, পুকুরপাড়ে থাকা একটি আমগাছ থেকে আম পাড়তে গিয়ে দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়।
পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’





