ইরান বিষয়ক প্রস্তাবিত শান্তি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে তার উপদেষ্টাদের সাথে বৈঠক করেন। তবে কোন ধরণের সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই ওই কক্ষ ত্যাগ করেন তিনি। এমনকি জানানো হয়নি কোন কিছুই।
এরইমধ্যে ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে কোন তাড়া নেই। তার আশা যুক্তরাষ্ট্র একটি চমৎকার চুক্তি করতে যাচ্ছে। অবশ্য তা না হলে ওয়াশিংটন সাময়িকভাবে বিষয়টি সামাল দিবে বলেও জানান তিনি। এসময় ট্রাম্প ইরানের নেতৃত্বকে খুবই কঠোর আলোচক হিসেবে অভিহিত করেন।
সাক্ষাতকারে মার্কিন এই প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরাক ও ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর জড়ানো উচিত হয়নি। তবে তেহরানে হামলা না করলে দেশটি এতদিনে পারমাণবিক অস্ত্র ক্ষমতাসম্পন্ন হয়ে উঠতো বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি সক্ষম বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় শনিবার সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান হয়তো তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে চাইবে না। কিন্তু আমরা বিশ্বাস করি, আলোচনার টেবিলে সঠিক প্রণোদনা পেলে তারা সময়ের সাথে সাথে তা করতে পারবে এবং করবেও। কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রণোদনা হলো এই মুহূর্তে আমাদের যে সক্ষমতা রয়েছে, যার বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত কোনো বাস্তব পর্যায়েই প্রতিরোধ গড়তে পারবে না।
এদিকে, ইরানের ভূখণ্ডে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, এমকিউ-১ ড্রোনটি যখন তেহরানে অভিযান চালানোর চেষ্টা করেছিল তখন বিপ্লবী গার্ডের আধুনিক ক্ষেপণাস্ত্র তা ভূপাতিত করে।





