চার দেশিয় বৈঠক: ভারতের সঙ্গে খনিজ ও মৃত্তিকা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

দিল্লিতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আলোচনা শেষে অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা ছাড়াও সমুদ্র নিরাপত্তা, বিরল খনিজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ কিছু বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছায় চার দেশ।

চীন ও অন্যান্য একক উৎসের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা নিয়ে একটি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লিতে চার দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চুক্তিটি সই করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চুক্তিতে দুই দেশের একটি কৌশলগত ও যৌথ স্বার্থ রয়েছে। দুই দেশের এমন উদ্ভাবনী শিল্পগুলোর মৌলিক উপাদানগুলো এভাবে একচেটিয়া উৎসের আধিপত্যের হাতে অরক্ষিত থাকতে পারে না। সংঘাতপূর্ণ সময় এসব উপাদান নিয়ে তাদের দরকষাকষির হাতিয়ার আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে চলে যায়।

আরও পড়ুন:

এছাড়া আলোচনা শেষে অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করা ছাড়াও সমুদ্র নিরাপত্তা, বিরল খনিজ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ কিছু বিষয় নিয়ে ঐকমত্যে পৌঁছায় অংশগ্রহণকারী চার দেশ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, এই নির্দিষ্ট কাঠামোটির লক্ষ্য খনন, প্রক্রিয়াকরণ, পুনর্ব্যবহার এবং সংশ্লিষ্ট বিনিয়োগসহ সমগ্র গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহ শৃঙ্খল জুড়ে আমাদের সহযোগিতা আরও গভীর করা। এটি আমাদেরকে গুরুত্বপূর্ণ খনিজ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।

এই চুক্তির মাধ্যমে সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক যান, পরিচ্ছন্ন জ্বালানি, প্রতিরক্ষা প্রযুক্তি এবং উন্নত ইলেকট্রনিক্স খাতে কাঁচামাল ও খনিজের নিরাপদ সরবরাহ নিশ্চিত করবে ভারত- যুক্তরাষ্ট্র। খনিজ উত্তোলন, পরিশোধন ছাড়াও দীর্ঘমেয়াদী সরবরাহ চেইন ব্যবস্থাপনা এবং কৌশলগত অর্থায়নে একসঙ্গে কাজ করবে দুই দেশ।

বর্তমানে বিশ্বের বিরল খনিজ প্রক্রিয়াকরণে চীনের আধিপত্য রয়েছে। এই বিকল্প অংশীদারিত্বের মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক সরবরাহ চেইনের স্থিতিশীলতা ও নিজেদের কৌশলগত সক্ষমতা বাড়াতে চায়।

ইএ