গতকাল (রোববার, ২৪ মে) কুয়েতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ’র নিকট বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো খাদ্যসামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বৈঠকে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আরও পড়ুন:
একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর একটি শুভেচ্ছা বার্তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। যেখানে কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয় এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।
কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এটি বাংলাদেশ-কুয়েত ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’




