আবারও হোয়াইট হাউজের বাইরে গুলি, পথচারী আহত

হোয়াইট হাউজের নিরাপত্তারক্ষী
হোয়াইট হাউজের নিরাপত্তারক্ষী | ছবি: সংগৃহীত
0

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের বাইরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় সিক্রেট সার্ভিস সদস্যদের সঙ্গে গোলাগুলিতে হামলাকারী আহত হয়। আহত হন এক পথচারীও। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লকডাউন জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিক্রেট সার্ভিস। জানা গেছে, হামলার সময় হোয়াইট হাউজ চত্বরে ছিলেন সাংবাদিকরা। হাউজের ভেতরে ছিলেন ট্রাম্পও।

এক মাসেরও কম সময়ের ব্যবধানে ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের খুব কাছে আবারও বন্দুক হামলা। গেল মাসের ২৬ তারিখে ওয়াশিংটন ডিসি-তে হোয়াইট হাউজ করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালীন বন্দুক হামলার পর এবার হোয়াইট হাউজের বাইরে গোলাগুলি। হামলার সময়, এর ভেতরে অবস্থান করছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজের খুব কাছে পেনসিলভানিয়া অ্যাভিনিউ এবং সেভেন্টিনথ স্ট্রিট নর্থওয়েস্টের মোড়ের কাছে এই ঘটনা ঘটে। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান সিএনএনের সংবাদদাতারা। সঙ্গে সঙ্গে ছুটে যান সিক্রেট সার্ভিসের সদস্যরা। এসময় ইউনিফর্মড ডিভিশনের কর্মকর্তাদের গুলিতে আহত হন সম্ভাব্য হামলাকারী, জখম হন এক পথচারীও। এরপর তাদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

এরপরই হোয়াইট হাউজের চারপাশে লকডাউন জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সদস্যরা। ঘটনার সময় নর্থ লন এলাকায় থাকা সাংবাদিকদের দ্রুত হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সরিয়ে নেন নিরাপত্তাকর্মীরা। স্থানীয় সময় পৌনে ৭টার পরপরই লকডাউন তুলে নেয় কর্তৃপক্ষ।

জানা গেছে, হামলার সময় হোয়াইট হাউজের বাসভবনেই ছিলেন ট্রাম্প। হামলার খবর নিশ্চিত করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল। এ ঘটনার তদন্তে এফবিআই সিক্রেট সার্ভিসকে সহায়তা করছে বলে জানান তিনি।

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের এক মাস পার না হতেই নতুন করে এই হামলার ঘটনা ঘটল। যেখানে হামলাকারীর উদ্দেশ ও পরিকল্পনা স্পষ্ট না হলেও হটকারিতার আলামত পাওয়া যাচ্ছে। এসব হামলার পেছনে রাজনৈতিক বার্তা দেয়ার ইঙ্গিত থাকতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। কারণ, দু'টি হামলার ক্ষেত্রেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ট্রাম্প ও মার্কিন গণমাধ্যমকর্মীরা।

ইএ