কাপ্তাই সংরক্ষিত বনে অবমুক্ত হলো মহাবিপন্ন প্রজাতির ‘গোলবাহার অজগর’

গোলবাহার অজগর
গোলবাহার অজগর | ছবি: এখন টিভি
0

বিশ্বের দীর্ঘতম সাপ ও মহাবিপন্ন প্রজাতির একটি গোলবাহার অজগর রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে। এর আগে চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফৌজদারহাট এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

আজ (শুক্রবার, ২২ মে) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ স্নেক রেসকিউ টিম ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের যৌথ উদ্যোগে সাপটিকে অবমুক্ত করা হয়।

গোলবাহার অজগরের ইংরেজি নাম ‘রেটিকুলেটেড পাইথন’ এবং বৈজ্ঞানিক নাম ‘পাইথন রেটিক্যুলাস’। বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংস্থার তালিকায় এটি মহাবিপন্ন প্রাণী হিসেবে বিবেচিত।

উদ্ধারের সময় সাপটির ঘাড়ের কাছে আঘাত ছিল। পরে বাংলাদেশ স্নেক রেসকিউ টিমের পরিচর্যা ও বন বিভাগের সহায়তায় চিকিৎসা দিয়ে সেটিকে সুস্থ করে তোলা হয়। সুস্থ হওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. সাজ্জাদ হোসেনের নির্দেশনায় কাপ্তাই রেঞ্জের ব্যাঙছড়ি বিটের সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন:

এসময় রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমানসহ অন্যান্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন বিভাগের তথ্য মতে- রেটিকুলেটেড পাইথন বিশ্বের দীর্ঘতম সাপ। বাংলাদেশে সাধারণত গোলবাহার অজগর নামে পরিচিত এ প্রজাতি আর্দ্র পরিবেশে বসবাস করতে পছন্দ করে। নদী, ঝরনা-ছড়া সংলগ্ন এলাকা, ঘন বন ও গাছপালার আড়াল তাদের আবাসস্থল। এরা দক্ষ সাঁতারুও।

রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, ‘এর আগেও কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনে উদ্ধার করা বেশ কয়েকটি অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। এতে করে প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়ছে।’

এসএস