ভেনেজুয়েলার পর এবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কিউবার দিকে হাত বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের একের পর এক পদক্ষেপে নাস্তাবুদ দেশটির অবস্থা। উত্তপ্ত হয়ে উঠছে দু'দেশের সম্পর্ক।
১৯৯৬ সালে কিউবার আকাশসীমায় দুটি মার্কিন বিমান ভূপাতিত করার অভিযোগে দেশটির কমিউনিস্ট নেতা ও ফিদেল কাস্ত্রের ভাই রাহুল কাস্ত্রের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা দায়েরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বুধবারের মধ্যেই তার বিরুদ্ধে মামলা করা হবে বালে জানায় ওয়াশিংটন।
একদিকে কিউবার সাবেক প্রেসিডেন্টকে হেনস্তার পাশাপাশি অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র। গেলো কয়েক সপ্তাহ ধরেই ভয়াবহ জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। যার অন্যতম কারণ হিসেবে হরমুজ প্রণালি বন্ধ ও মার্কিন অবরোধকে দায়ী করছেন দেশটির জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি। তিনি জানান, কিউবার ওপর জ্বালানি অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের কোন দেশ কিউবাতে তেল-গ্যাস রপ্তানি করলে তাদের ওপর দেয়া হচ্ছে নতুন নিষেধাজ্ঞা। এ পরিস্থিতিতে দেশটি একেবারে জ্বালানি শূন্য হয়ে পরেছে জানান তিনি।
জ্বালানির মজুত ফুরিয়ে আসায় কিউবাতে দেখা দিয়েছে চরম বিদ্যুৎ সংকট। দিনের বেশিরভাগ সময়ে বিদ্যুতবিচ্ছিন্ন থাকতে হচ্ছে কিউবানদের। এতে করে মানবেতর দিন পার করছেন তারা।
আরও পড়ুন:
কিউবানরা বলেন, সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোন তথ্য দেয়া হচ্ছে না। জ্বালানি নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কোথাও জ্বালানি নেই। ফুয়েল আমদানি করতে পারছে না সরকার। যানবাহনের ভাড়া বেড়ে গেছে। জ্বালানির দরও বাড়ানো হবে।
বিদ্যুৎ না থাকায় ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে কিউবার চিকিৎসা ব্যবস্থাতেও। এরইমধ্যে জাতিসংঘ সতর্ক করে বলেছে, চিকিৎসা সরঞ্জামের অভাবে দেশটির চিকিৎসা ব্যবস্থা চরম সংকটে। ১১ হাজার শিশুসহ অনন্ত ১ লাখ মানুষ সার্জিকাল অপারেশনের অপেক্ষায় রয়েছে। ১৬ হাজার রোগীর রেডিওথেরাপি ও ১২ হাজারের কেমোথেরাপি দেয়ার দরকার। ৩২ হাজারের বেশি গর্ভবতী নারী ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানবিক ও দুর্যোগ ব্যবস্থাপনার পরিচালক আলতাফ মুসানি বলেন, কিউবার স্বাস্থ্য ব্যবস্থা অনেক চাপের মধ্যে রয়েছে। জ্বালানির সংকট ছাড়াও জরুরি চিকিৎসা সরঞ্জামর অভাবে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। জরুরি সেবা দেয়া যাচ্ছে না অনেক রোগীকে।
এর প্রতিবাদে বিক্ষোভে কিউবার রাজধানী ও বৃহত্তম শহর হাভানায়। দিনে ২০ ঘণ্টার বেশি বিদ্যুৎ না থাকায় ক্ষোভে ফুঁসছে কিউবাবাসী। পরিস্থিতি উত্তরণে কিউবাকে ১০ কোটি ডলার সহায়তা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও সহায়তা গ্রহণ করবে কী না তা এখনও নিশ্চিত করেনি দেশটি।





