পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নড়বড়ে শুরু বাংলাদেশের

বাংলাদেশে-পাকিস্তান টেস্ট ম্যাচে মাঠের কিছু মুহূর্ত
বাংলাদেশে-পাকিস্তান টেস্ট ম্যাচে মাঠের কিছু মুহূর্ত | ছবি: এখন টিভি
0

সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে টসে জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। আজ (শনিবার, ১৬ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৬৮ রান।

ম্যাচে ব্যাট করতে নেমে দিনের দ্বিতীয় বলেই ধাক্কা খায় বাংলাদেশ। মোহাম্মদ আব্বাসের ফুল লেন্থের বল ডিফেন্স করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

আরেক ওপেনার তানজিদ তামিম নিজের অভিষেক ইনিংসে সাবধানী শুরু করেন। দেশের টেস্টে ১০৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় তার। তবে ৩ বাউন্ডারিতে সাজানো ইনিংস শেষ হয় ২৬ রানেই। আব্বাসের বলেই টাইমিং গড়বড় করে সহজ ক্যাচ দেন তানজিদ।

খানিক পরেই খুররাম শাহজাদের বলে বোল্ড হয়ে ফেরেন অভিজ্ঞ মুমিনুল হক। তিন উইকেট পতনের পর ইনিংস মেরামতের চেষ্টায় ছিলেন শান্ত এবং মুশফিক।

তবে লাঞ্চের পর ফিরেছেন দুজনেই। চার রানের ব্যবধানে দুই উইকেটের পতন হলে অনেকটাই চাপে পড়ে স্বাগতিকরা। এরপর ছয় নম্বরে নেমে ইনিংস বড় করতে পারেননি মেহেদী হাসান মিরাজও। এদিকে পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন মোহাম্মাদ আব্বাস ও খুররাম শাহজাদ।

আরও পড়ুন:

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আযান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম,আব্দুল্লাহ ফজল, সাউদ শাকিল, মোহাম্মাদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলী আঘা, খুররাম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী, মুহাম্মাদ আব্বাস।

এ ম্যাচটি বাংলাদেশের জন্য টানা দুই টেস্ট ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয়ার লড়াই। অন্যদিকে, পাকিস্তানের জন্য সিরিজে সমতায় ফেরার লড়াই।

এর আগে, মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যাবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা।

এসএইচ