সবাই বাঙালি নয়, মানচিত্রে বসবাসকারী সবাই বাংলাদেশি: জ্বালানিমন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ টুকু
ইকবাল হাসান মাহমুদ টুকু | ছবি: এখন টিভি
0

বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে, সবাই বাঙ্গালি না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (শনিবার, ১৬ মে) সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানচিত্রে যারা আমরা বসবাস করি, সবাই বাঙ্গালি না। বাঙ্গালি সবচেয়ে বড় জনগোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা অনেক জনগোষ্ঠী আছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিলো সব বাঙ্গালি হয়ে যাও। যার ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছিলো, সে অশান্তি এখনও বিরাজমান।’

তিনি বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মত, বাংলাদেশ জাতীয়তাবাদ একটি বাগানের মতো।’

আরও পড়ুন:

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে সব জাতিগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলো, সেই স্বপ্ন তার সন্তান তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে, সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ আরও অনেকে।

এসএস