২০১২ সাল থেকে উপকূলীয় জনপদে তথ্যের বাতিঘর হিসেবে পরিচিত ছিলো কৃষি রেডিও ৯৮ দশমিক ৮ এফএম। কিন্তু বর্তমানে নীরব এ স্টুডিও। ৭ এপ্রিল থেকে কৃষি তথ্য সার্ভিসের এক নির্দেশে হঠাৎ থমকে গেছে এর সম্প্রচার।
রেডিওটি বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েন প্রান্তিক কৃষক ও জেলেরা। বিশেষ করে কালবৈশাখির মৌসুমে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় জানমালের ঝুঁকি বাড়ছে কয়েকগুণ। তাই দ্রুত এটি চালুর দাবি স্থানীয়দের। স্টেশনটি আবারও চালু হলে উপকৃত হবে স্থানীয়রা এমনটাই জানান এলাকাবাসী।
আধুনিক দ্বিতল ভবন নির্মাণ শেষ হলেও, রহস্যজনক কারণে চলতি বছরের শুরু থেকেই সম্প্রচার কাজে ধীরগতি দেখা দেয়। আর এখন যান্ত্রিক ত্রুটি ও বৈশ্বিক পরিস্থিতির অজুহাতে পুরোপুরি বন্ধ এর কার্যক্রম।
আরও পড়ুন
বরগুনা আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘বর্তমানে এ রেডিও স্টেশনটি বন্ধ রয়েছে। আবার চালু হলে স্থানীয় জেলেরা উপকৃত হবে।’
এদিকে, বৈশ্বিক পরিস্থিতির কথা বললেও, দ্রুত সমাধানের সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেননি স্টেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক। তবে, স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন বলছে, স্টেশনটি দ্রুত চালুর বিষয়ে ঊর্ধ্বতন মহলে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তারা।
আমতলী পৌরসভা প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘রোডিওটি চালু থাকলে এ অঞ্চলের জেলেও কৃষকদের জন্য ভালো হতো।’
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো কিছু করার থাকলে তা আমরা করবো।’
কৃষি তথ্য সার্ভিস কর্তৃপক্ষ দ্রুত চালুর আশ্বাস দিলেও, আদতে কবে নাগাদ ৫ লাখ মানুষের এই ভরসার কেন্দ্রটি সচল হবে-সেই অনিশ্চয়তা কাটেনি এখনও।
সরকারি কৃষি সেবা প্রান্তিক মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে এ রেডিওর কোনো বিকল্প নেই। দ্রুত বরাদ্দ নিশ্চিত করে আবারও ৯৮ দশমিক ৮ এফএম-এর সুর বেজে উঠবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।





