কাপ্তাইয়ে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ৪

অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও সিএনজি
অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও সিএনজি | ছবি: এখন টিভি
0

রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেল চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আজ (শনিবার, ৯ মে) বিকেল ৬টার দিকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ৪১ বিজিবি গেটের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন সিএনজিচালক মো. সায়মুন (২০), যাত্রী মো. জিদান (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), ও মোটরসাইকেলের আরোহী মো. রানা (১৭)। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওমর ফারুক রনি বলেন, ‘আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। তার ডান হাত ভেঙে যায় এবং গলা কেটে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে, সিএনজিটি উপজেলা সদর বরইছড়ি এলাকা হতে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। দুই বাহনও ক্ষতিগ্রস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘দুর্ঘটনার পর কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে। সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে। তবে এই ঘটনায় কেউ অভিযোগ করেনি।

এএইচ