যুক্তরাষ্ট্রে অবৈধ চীনাদের ফেরত নিতে অনীহা; ভিসা নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের

ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং
ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত চীনা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া বেইজিং ধীরগতিতে সম্পন্ন করছে বলে অভিযোগ তুলেছে ট্রাম্প প্রশাসন। এই অবস্থান পরিবর্তন না করলে চীনের ওপর কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী ১৪ ও ১৫ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হুমকি এলো। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ট্রাম্প এই প্রত্যর্পণ ইস্যুটি জোরালোভাবে তুলবেন বলে আশা করা হচ্ছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের কাছে নিজের কঠোর অভিবাসন নীতির সাফল্য তুলে ধরতে বেইজিংয়ের কাছ থেকে বাণিজ্যিক ও অন্যান্য সুবিধা আদায় ট্রাম্পের জন্য এখন অত্যন্ত জরুরি।

২০২৫ সালের শুরুর দিকে প্রায় ৩ হাজার নাগরিককে ফেরত নিলেও গত ছয় মাসে এক্ষেত্রে বেইজিং তাদের সহযোগিতা কমিয়ে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখের বেশি অনিবন্ধিত চীনা নাগরিক রয়েছেন। এর মধ্যে ৩০ হাজারেরও বেশি মানুষের বিরুদ্ধে চূড়ান্ত বহিষ্কারের আদেশ রয়েছে এবং প্রায় ১ হাজার ৫০০ জন বর্তমানে ডিটেনশন সেন্টারে আটক আছেন।

আরও পড়ুন:

মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, চীন যদি নাগরিক ফেরত নিতে পূর্ণ সহযোগিতা না করে, তবে ভিসা আবেদনের ক্ষেত্রে নগদ অর্থের বন্ড (ক্যাশ বন্ড) বাধ্যতামূলক করা হতে পারে। এছাড়া ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ানো এবং সীমান্তে প্রবেশাধিকার বন্ধের মতো পদক্ষেপও বিবেচনা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ‘ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট’ অনুযায়ী, যেসব দেশ নাগরিক প্রত্যাবাসনে অনীহা দেখায়, তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়ার এখতিয়ার ওয়াশিংটনের রয়েছে।

এর আগে ওবামা ও বাইডেন প্রশাসনের সময়ও চীনের বিরুদ্ধে এই একই অভিযোগ উঠেছিল। মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মতে, চীন এই ইস্যুটিকে ওয়াশিংটনের সঙ্গে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। অনেক সময় বেইজিং তাদের দেশ থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া অর্থনৈতিক বা রাজনৈতিক অপরাধীদের ফেরত দেয়ার বিনিময়ে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেয়ার শর্ত জুড়ে দেয়।

এএম