স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে চামারি ফতেপুর এলাকার এক ইতালি প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের। ওই সম্পর্কের সূত্র ধরে বিয়ের উদ্দেশে আরও এক জনকে সঙ্গে নিয়ে গ্রামে আসেন তারা।
গ্রামবাসী জানান, বিকেলে দুই যুবক নিজেদের চীনা নাগরিক পরিচয় দিয়ে ওই নারীর সঙ্গে বিয়ে করতে আসে। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ শুরু করেন। এসময় তারা লাল পাসপোর্ট, ভিসা ও বিমানের টিকিট দেখিয়ে নিজেদের বিদেশি নাগরিক হিসেবে দাবি করে।
তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে সন্দেহ আরও ঘনীভূত হয়। এক পর্যায়ে সুযোগ বুঝে একটি প্রাইভেট কার নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে তারা।
আরও পড়ুন:
ঘটনার পর ওই গৃহবধূকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। বিশেষ করে কিছু চক্র নিজেদের বিদেশি পরিচয় দিয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছে। এমনকি মানবপাচারের ঘটনাও ঘটছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য সাদেক আলী বলেন, ‘তাদের আচরণ সন্দেহজনক ছিল। জিজ্ঞাসাবাদ করলে নানা ধরনের কাগজপত্র দেখায়। পরে কৌশলে পালিয়ে যায়।’
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তিনি শুনেছেন।
তিনি বলেন, ‘অনলাইনে অপরিচিত কারও সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ প্রতারণার শিকার না হয়।’





