হরমুজ প্রণালির নিরাপত্তা ঝুঁকি এখনও ‘অত্যন্ত উদ্বেগজনক’: ইউকেএমটিও

হরমুজ প্রণালি
হরমুজ প্রণালি | ছবি: সংগৃহীত
0

ওমান উপকূলে চলমান সামরিক উত্তেজনা ও সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকির মাত্রা এখনও ‘ক্রিটিক্যাল’ বা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। খবর আল জাজিরার।

সংস্থাটি এক সতর্কবার্তায় ওই এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। ইউকেএমটিও’র নির্দেশনায় নাবিকদের ওমানি কর্তৃপক্ষের সঙ্গে ভিএইচএফ চ্যানেল ১৬-এর মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে বলা হয়েছে।

এছাড়াও ট্রাফিক সেপারেশন স্কিম বা নিয়মিত রুটের পরিবর্তে ওমানের জলসীমার দক্ষিণ দিক দিয়ে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে ওই এলাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বিশেষ ‘এনহান্সড সিকিউরিটি এরিয়া’ বা বর্ধিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ‘অজ্ঞাতপরিচয় লক্ষ্যবস্তু’ থেকে হামলার ঘটনা ঘটে বলে জানায় ইউকেএমটিও। তবে স্বস্তির বিষয় হলো, হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সংস্থাটি নিশ্চিত করেছে যে, জাহাজের সকল ক্রু নিরাপদ রয়েছেন এবং সমুদ্রে তেল নিঃসরণ বা পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এ জলপথে গত কয়েক দিনে অস্থিরতা বাড়ায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএইচ