ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ্লিকেশন ‘ফ্লাইটরাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, গতকাল শনিবার ইউরোপ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে অস্বাভাবিক সংখ্যায় মার্কিন সামরিক বিমান চলাচল করতে দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল ‘সি-১৭এ গ্লোবমাস্টার ৩’ কার্গো বিমান। এই বিশালাকার বিমানগুলোর প্রতিটি প্রায় ৭৭ টন সরঞ্জাম ও ১০০ জন সেনা বহনে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়, জার্মানি ও ইউরোপের অন্যান্য ঘাঁটি থেকে অন্তত ১২টি বিশালাকার পরিবহন বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ ছাড়া অন্তত চারটি ‘বোয়িং কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার’ জ্বালানি সরবরাহকারী বিমানকে ইসরাইল ও এর আশপাশের আকাশসীমায় চক্কর দিতে দেখা গেছে। এই তৎপরতা থেকে ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে বড় ধরনের কোনো সামরিক প্রস্তুতির অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ রসদ ও সরঞ্জাম পাঠাচ্ছে।





