দেশের উদ্দেশে রওনা দিয়েছে ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ

নিহত শিক্ষার্থী জামিল লিমন
নিহত শিক্ষার্থী জামিল লিমন | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডাতে (ইউএসএফ) হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। স্থানীয় সময় গতকাল (শনিবার, ২ মে) রাত ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফ্লোরিডায় অবস্থিত মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলি সাবরিন বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ পাঠানোর পুরো বিষয়টি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করেন। আগামী ৪ মে (সোমবার) সকাল ৮টা ৪০ মিনিটে জামিল লিমনের মরদেহবাহী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন:

এদিকে, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে। আগামী ৬ মে (বুধবার) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পা শহরে বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস‍্যুলেটের মাধ‍্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে এই দুই মেধাবী বাংলাদেশি গবেষকের মরদেহ উদ্ধার করা হয়। তারা দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জামিল লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহকে আটক করেছে মার্কিন পুলিশ এবং তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে। দুই কৃতি সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার এবং যুক্তরাষ্ট্রে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে।

ইএ