৪ মে দেশে পৌঁছাবে ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ

নিহত শিক্ষার্থী জামিল লিমন
নিহত শিক্ষার্থী জামিল লিমন | ছবি: সংগৃহীত
1

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী সোমবার (৪ মে) সকালে দেশে পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর যাবতীয় খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

দূতাবাস সূত্রে জানানো হয়েছে, লিমনের মরদেহ বর্তমানে ফ্লোরিডার একটি ফিউনারেল হোমের তত্ত্বাবধানে রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, মরদেহটি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামী শনিবার (২ মে) রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো থেকে যাত্রা করবে।

অরল্যান্ডো থেকে রওয়ানা দেয়ার পর দুবাইয়ে যাত্রা বিরতি শেষে এমিরেটস এয়ারলাইন্সের অন্য একটি ফ্লাইটে মরদেহটি ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানোর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করছে দূতাবাস কর্তৃপক্ষ।

ইএ