আগামীকাল শুক্রবার ইরান যুদ্ধের ৬০ দিনের আইনি সময়সীমা শেষ হতে যাচ্ছে। এর ঠিক আগমুহূর্তে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা দাবি করেছেন, এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মাধ্যমেই ইরান যুদ্ধের ‘সমাপ্তি’ ঘটেছে। এই ব্যাখ্যার ওপর ভিত্তি করে ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ চালিয়ে যেতে কংগ্রেসের অনুমোদনের আর কোনো প্রয়োজন নেই।
যুক্তরাষ্ট্রের সাবেক সহযোগী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্রুস ফেইন প্রশাসনের এমন ব্যাখ্যার তীব্র সমালোচনা করে বলেন, ‘আপনাকে প্রশ্ন করতে হবে—প্রেসিডেন্ট ট্রাম্প কেন কংগ্রেসের কাছে যুদ্ধ ঘোষণার অনুমতি চাচ্ছেন না? ভিয়েতনাম যুদ্ধের সময়ও এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না। ট্রাম্প ভালো করেই জানেন যে ভোট হলে তিনি হেরে যাবেন।’
ফেইন আরও বলেন, ‘হাউস ও সিনেট—উভয় কক্ষেই ট্রাম্পের দলের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও তিনি কেন অনুমতি চাইছেন না? কারণ, তিনি জানেন জনমত তার পক্ষে নেই।’ ফেইন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন নিয়ে এই বিতর্ক আসলে মূল বিষয়কে আড়াল করার কৌশল মাত্র। প্রকৃত সত্য হলো, কংগ্রেসের গৃহীত নুরেমবার্গ আন্তর্জাতিক আইনের নীতি অনুযায়ী আমরা একটি অপরাধমূলক আগ্রাসনে লিপ্ত হয়েছি।’





