পঞ্চগড়ে ডলারসহ ভারতীয় নাগরিক আটক

ডলারসহ আটক ভারতীয় নাগরিক
ডলারসহ আটক ভারতীয় নাগরিক | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ থেকে নিজ দেশ ভারতের ফেরার পথে বাংলাবান্ধায় মার্কিন ডলারসহ পলাশ চন্দ্র মাঝি নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ (সোমবার, ২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে তল্লাশি করে ২৪ হাজার ৬০০ ইউএস ডলার খুঁজে পায় বিজিবি।

অবৈধভাবে ডলার পরিবহণের দায়ে তাকে আটক করা হয়। আটক পলাশ চন্দ্র মাঝির বাড়ি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকায়। তিনি মাস খানেক আগে বাংলাদেশে এসেছিলেন। আটক ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বিজিবি ও কাস্টমসের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস ওই ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তিনি মাস খানেক আগে বাংলাদেশে এসেছিলেন। আজ ফেরার সময় ইমিগ্রেশন সম্পন্ন করে তিনি যখন চলে যাচ্ছিলেন তখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি চেকপোস্টে তাকে আটক করে তল্লাশি করে বিজিবি। এ সময় তার কাছে ইউএস ডলার পাওয়া যায়। তার বিরুদ্ধে বিজিবি ও কাস্টমস তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

এএইচ