স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনের মতো মাছ ধরার সময় গোপালপুর ঘাটের নিকটে জেলেদের হাজারী জালে একটি কুমির আটকে যায়। পরে অন্যান্য জেলেরা মিলে কুমিরটিকে আটকে সকালে স্থানীয় কাজি বাড়ির ঘাটে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, প্রতিদিনের মতন তারা নদীতে জাল ফেলে মাছ ধরার জন্য যায়। কুমিরটি স্বপন ব্যাপারীর জালের সঙ্গে জড়িয়ে গেলে সবাই মিলে কুমিরটি উদ্ধার করে প্রশাসনের নিকট হস্তান্তর করতে নিয়ে আসা হয়। খবর পেয়ে স্থানীয় বন বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন:
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ‘কুমিরটির বিষয়ে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা এটি উদ্ধার করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। এখন ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
চরভদ্রাসন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম বলেন, ‘এটা একটি কুমির এটা নিশ্চিত হয়েছি আমরা। কিন্তু কোন প্রজাতির কুমির তা আমাদের এক্সপার্টরা না আসলে বলতে পারবো না। খুলনা থেকে আমাদের টিম রওনা দিয়েছে, তারা আসলে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিবে এবং তারাই পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।’





