বেতিসের সঙ্গে ড্র, ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়
রিয়াল মাদ্রিদের খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

কোনো মৌসুমেই ট্রফিশূন্য থাকার খুব একটা নজির নেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। তবে এবারের মৌসুমে হয়তো নতুন ব্যর্থতার দাগ লাগতে চলেছে রিয়ালের সাদা জার্সিতে। রিয়াল বেতিসের বিপক্ষে শেষ ম্যাচে ১-১ গোলে ড্রয়ের পর লা লিগার শিরোপা থেকে একপ্রকার ছিটকেই গেছে লস ব্লাঙ্কোস।

ক্লাব ফুটবলের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। যাদের রয়েছে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৫ বার শিরোপাজয়ের রেকর্ড। লা লিগাতেও শিরোপা জয়ে সবার উপরে ক্লাবটি। এই ট্রফিটি লস ব্লাঙ্কোসরা উঁচিয়ে ধরেছেন সর্বোচ্চ ৩৬ বার। নিকটতম বার্সার লা লিগা টাইটেলের সংখ্যা ২৮টি।

এতো এতো সাফল্যে মোড়ানো রিয়াল মাদ্রিদ যেন এবারের মৌসুমে অসহায় আত্মসমর্পণ করতে চলেছে। চলতি মৌসুমে শিরোপাশূন্য থাকার প্রবল শঙ্কা জেগেছে ক্লাবটির। রিয়াল বেতিসের কাছে ১-১ গোলে ড্রয়ের পর লা লিগার শিরোপা থেকেও কার্যত ছিটকে গিয়েছে রিয়াল।

১০০ বছরের ইতিহাসে শিরোপাশূন্য থাকার তেমন বেশি নজির নেই রিয়াল মাদ্রিদের। এর আগে মাত্র ৪ বার ট্রফিলেস সিজন কাটিয়েছে ক্লাবটি। ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে টানা দুই মৌসুমে কোনো শিরোপা ঘরে তুলতে পারেনি রিয়াল। এরপর ২০০৯-১০ ও ২০২০-২১ মৌসুমেও শিরোপাহীন কাটে ক্লাবটির।

আরও পড়ুন:

মৌসুমের শুরু থেকেই ছোট-বড় সবধরনের শিরোপা জয়ের দৌড় থেকে একে একে ছিটকে গেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের দৌড়ে টিকে থাকলেও গত সপ্তাহে বায়ার্নের বিপক্ষে দ্বিতীয় লেগে হেরে সেই আশাও ভেস্তে যায় ক্লাবটির।

যদিও লা লিগায় মৌসুমের শুরুটা দুর্দান্ত ছিলো রিয়াল মাদ্রিদের। বছরের প্রথম এলক্লাসিকোতে জাবি আলোনসোর অধীনে ২-১ গোলে বার্সাকে হারায় রিয়াল। অপ্রতিরোধ্য পারফরম্যান্সে প্রথম ১০ ম্যাচ পর বার্সার থেকে ৫ পয়েন্ট বেশি নিয়ে নিয়ে টেবিলের উপরেই ছিলো আলোনসোর দল।

বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কোপা হারার পর রিয়ালের দায়িত্ব হারায় জাবি আলোনসো। নতুন দায়িত্ব নেয়া আলভারো আরবেলোয়ার শুরুটাও ভালো হয়নি। সেকেন্ড ডিভিশনের ক্লাব আলবাসেত্বের বিপক্ষে হেরে কোপা দেলরে থেকে বিদায় নেয় রিয়াল। এরপর আর তেমন বড় কোনো সাফল্য দলকে এনে দিতে পারেননি নতুন কোচ।

অবশ্য গত মৌসুমও খুব একটা ভালো যায়নি রিয়ালের। মেজর কোনো শিরোপা না জিততে পারলেও সেবার স্প্যানিশ সুপার কাপ ও ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে কোনোমতে শিরোপাহীন থাকার তকমা থেকে বেঁচে যায় রিয়াল।

জেআর