ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহিম খন্দকার (২২) ও রাব্বি (৩২) নামে দুই যুবক নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) সন্ধ্যায় নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে ও মাহিম শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা নবীনগর উপজেলা ছাত্রদলের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নারুই এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রাব্বি ও মাহিম মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল দুইটিতে থাকা আরও তিন আরোহী। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. সিফাত বলেন, ‘নিহত দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত বাকি তিনজনের অবস্থাও গুরুতর। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এফএস