জ্যাম ও খরচ কমাতে বুয়েট শিক্ষার্থীদের অভিনব অ্যাপ

বুয়েট শিক্ষার্থীদের নতুন অ্যাপ জেওয়াইগো
বুয়েট শিক্ষার্থীদের নতুন অ্যাপ জেওয়াইগো | ছবি: এখন টিভি
0

প্রতিদিন একা যাতায়াত করতে গিয়ে যাত্রীদের অনেক সময় ২ থেকে ৪ গুণ বেশি ভাড়া গুনতে হয়। অথচ রিকশা, সিএনজি বা প্রাইভেট কারের অর্ধেকেরও বেশি সিট ফাঁকাই থাকে। এ অপচয় ও যাত্রীদের খরচ কমানো এবং শহরের যানজট হ্রাসের লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে ভেহিকল-পুলিং অ্যাপ জেওয়াইগো (JyGo)।

এ অ্যাপটি একই সময়ে এবং একই রুটে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে সংযোগ স্থাপন করে। ফলে একাধিক যাত্রী একসঙ্গে রিকশা, সিএনজি বা গাড়িতে শেয়ার করে যাতায়াত করতে পারেন এবং মোট ভাড়া নিজেদের মধ্যে ভাগ করে নেন।

এর মাধ্যমে যাত্রীরা প্রায় ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভাড়া সাশ্রয় করতে পারেন। উল্লেখযোগ্য বিষয় হলো—এ অ্যাপটি ভাড়ার ওপর কোনো কমিশন গ্রহণ করে না।

নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে এ অ্যাপে। অ্যাপটিতে রয়েছে ইউজার ভেরিফিকেশন, লাইভ ট্র্যাকিং এবং ইমার্জেন্সি কল সুবিধা। বিশেষ করে নারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এতে ‘জেন্ডার প্রেফারেন্স’ (Gender Preference) অপশন সংযোজন করা হয়েছে।

ঢাকার তীব্র যানজট দীর্ঘদিনের একটি বড় সমস্যা। এ সমস্যার সমাধানে অ্যাপটি বিদ্যমান যানবাহনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে বলে দাবি করছেন এর ডেভেলপাররা। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এমন উদ্যোগ পরিবহন খাতে টেকসই সমাধান হিসেবে বিবেচিত হতে পারে বলেও মনে করছেন তারা।

আরও পড়ুন:

এ উদ্ভাবনী স্টার্টআপটির পেছনে রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের তিনজন শিক্ষার্থী—জোবায়ের খান, মুস্তাকিম মোরসেদ এবং আবুল বাসার। তারা বর্তমানে একই বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এবং নগর পরিবহন সমস্যার বাস্তবসম্মত সমাধান খুঁজতেই JyGo-এর মতো একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন।

গত জানুয়ারিতে গুগল প্লে-স্টোর এবং হুয়াওয়ে অ্যাপগ্যালারিতে লঞ্চ হয় এ অ্যাপ। এরই মধ্যে এ অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

এছাড়া লঞ্চের মাত্র তিন মাসের মধ্যেই বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ নেটওয়ার্ক F6S-এ ‘টপ ৪ রাইড হেইলিং কোম্পানি’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে JyGo।

ভবিষ্যতে এই অ্যাপটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ আরও কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে নিশ্চিত করেন এর ডেভেলপাররা।

এসএইচ