স্পেনের আন্দালুসিয়ায় এক রাজনৈতিক সমাবেশে সানচেজ বলেন, ‘আগামী মঙ্গলবার স্পেনের সরকার ইইউর কাছে একটি প্রস্তাব পেশ করবে, যাতে ইসরাইলের সঙ্গে অংশীদারত্ব চুক্তি ছিন্ন করার দাবি জানানো হবে।’ তিনি আরও বলেন, ‘ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তাই দেশটি ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হতে পারে না।’
আরও পড়ুন:
এর আগে গত শুক্রবার স্পেন, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া ইউরোপীয় কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছিল। সেখানে ইইউর পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ইসরাইলের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনার দাবি জানানো হয়। ২০০০ সালের জুন মাসে স্বাক্ষরিত ইইউ-ইসরাইল চুক্তিতে একটি বিশেষ ধারা রয়েছে, যেখানে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত দেয়া হয়েছে।
২০২৪ সাল থেকেই গাজায় ইসরাইলের অভিযান এবং সম্প্রতি লেবাননে হামলার জেরে আয়ারল্যান্ড ও স্পেন এই চুক্তি পর্যালোচনার দাবি জানিয়ে আসছে। উল্লেখ্য, ২০২৪ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্পেনের স্বীকৃতি দেয়া নিয়ে ইসরাইলের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। এরপর থেকেই প্রধানমন্ত্রী সানচেজ বেনইয়ামিন নেতানিয়াহু সরকারের কড়া সমালোচনা করে আসছেন।





