ইরান না বললেও হরমুজ আমাদের অবরোধেই বন্ধ ছিল: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: ব্লুমবার্গ
0

হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন করে বন্ধের ঘোষণাকে ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান ঘোষণা দেয়ার আগেই যুক্তরাষ্ট্রের কড়া নৌ-অবরোধের কারণে এই কৌশলগত জলপথটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছিল। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে তারা প্রণালিটি বন্ধ করে দিচ্ছে, যা বেশ অদ্ভুত। কারণ আমাদের অবরোধ এটি আগেই বন্ধ করে দিয়েছে।’

আরও পড়ুন:

ট্রাম্প বিদ্রূপ করে বলেন, ‘ইরান আসলে নিজেদের অজান্তেই যুক্তরাষ্ট্রকে সাহায্য করছে।’ এই অচলাবস্থার কারণে ইরানই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি করে তিনি লেখেন, ‘এই পথ বন্ধ থাকায় তারা প্রতিদিন ৫০ কোটি ডলারের লোকসান গুনছে! যেখানে যুক্তরাষ্ট্রের কোনো কিছুই হারাতে হচ্ছে না।’

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন নৌ-অবরোধের বিপরীতে ইরানও প্রণালিটি তাদের ‘কঠোর নিয়ন্ত্রণে’ নেয়ার ঘোষণা দিয়েছে। তবে ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, তিনি অর্থনৈতিক ও সামরিক চাপের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করার কৌশল বজায় রাখছেন।

এএম