পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন: হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে জমে উঠেছে ভোটের মাঠ

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহ | ছবি: সংগৃহীত
0

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দিন দিন। টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের সামনে এবারও প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি। তবে একাধিক আসনে কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ ও ছোট দলগুলোর প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১১ সালে ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ ও ২০২১ সালেও জয় ধরে রাখে দলটি। এবার চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন দল। অন্যদিকে, ২০২১ সালের নির্বাচনে ৭৭টি আসনে জয় পাওয়া বিজেপি এবার আরও ভালো ফলের আশায় মাঠে নেমেছে। দলটির দাবি, এবার তারাই সরকার গঠন করবে।

সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে ভবানীপুর আসনে। এখানে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দু লড়ছেন নন্দীগ্রাম আসনেও।

খড়গপুর সদর আসনে বিজেপির প্রার্থী সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বহরমপুরে কংগ্রেসের হয়ে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী। কলকাতা বন্দর আসনে তৃণমূলের প্রার্থী ফিরহাদ হাকিম।

যাদবপুরে সিপিআইএম প্রার্থী হয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শিলিগুড়ি আসনে বিজেপির প্রার্থী বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। আসানসোল দক্ষিণে বিজেপির হয়ে লড়ছেন অগ্নিমিত্রা পাল।

হিংগলগঞ্জে বিজেপির প্রার্থী রেখা পাত্র। পানিহাটি আসনে দলটির প্রার্থী হয়েছেন রত্না দেবনাথ, যিনি আলোচিত আরজি কর ঘটনার পর জনপরিচিতি পান।

রেজিনগর ও নওদা—দুই আসনে লড়ছেন নতুন দল এজেইউপির নেতা হুমায়ুন কবীর। হাবড়া আসনে তৃণমূলের প্রার্থী সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কামারহাটিতে আবারও ভোটে নেমেছেন তৃণমূলের আলোচিত নেতা মদন মিত্র।

নোয়াপাড়া আসনে বিজেপির প্রার্থী অর্জুন সিং। ভাঙ্গর আসনে আইএসএফের একমাত্র বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজ্যের ২৯৪টি আসনে ভোটগ্রহণ শেষে আগামী ৪ মে ফল ঘোষণা করা হবে। কে বসবে নবান্নে, তা জানতে এখন অপেক্ষা ভোটারদের।

এনএইচ