যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এ ধরনের একটি রেখার কথা উল্লেখ করে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ‘গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননের হলুদ রেখার দক্ষিণে অভিযানরত বাহিনী এমন ‘‘সন্ত্রাসীদের’’ শনাক্ত করেছে, যারা যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা লঙ্ঘন করে হলুদ রেখার উত্তর দিক থেকে বাহিনীর দিকে এমনভাবে এগিয়ে আসে, যা তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করেছিল।’
সামরিক বাহিনী আরও বলেছে, ‘শনাক্ত করার সঙ্গে সঙ্গেই এবং হুমকি দূর করতে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় বাহিনী ওই সন্ত্রাসীদের ওপর হামলা চালায়।’ তারা আরও উল্লেখ করেছে, যুদ্ধবিরতি সত্ত্বেও হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার অনুমোদন সেনাবাহিনীর আছে।
গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডটি একটি ‘হলুদ রেখা’ দিয়ে বিভক্ত রয়েছে। এটি কার্যত গাজাকে দুই অঞ্চলে ভাগ করেছে—একটি ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে এবং অন্যটি হামাসের নিয়ন্ত্রণে।





