দীর্ঘ সময়েও শেষ হয়নি চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ

চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাসে নির্মাণকাজ
চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাসে নির্মাণকাজ | ছবি: এখন টিভি
0

চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ যেন অনিশ্চয়তার এক দীর্ঘ গল্প। এক বছরের প্রকল্প, গড়িয়েছে আড়াই বছরেরও বেশি সময়। মাঝপথে কাজ ফেলে সরে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্থ ছাড় না পাওয়ায় নতুন করে কাজ শুরুর সম্ভাবনাও অনিশ্চিত।

২০২৩ সালের ১২ আগস্ট চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারে শুরু হয় এই ওভারপাস নির্মাণ। শুরুতে ৬৪ কোটি টাকার প্রকল্প হলেও নকশা সংশোধন, জমির মূল্য বৃদ্ধি ও র‌্যাম্পের আয়তন বাড়ানোর কারণে ব্যয় বেড়ে দাঁড়ায় ৭৫ কোটিতে। পরে তা আরও বাড়িয়ে নির্ধারণ করা হয় ১০২ কোটি টাকা। একইসঙ্গে, প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়।

৪১৯ মিটার দীর্ঘ ও প্রায় ১০ মিটার প্রস্থের এ ওভারপাসে ১৩টি স্প্যান বসানোর কাজ চলছিলো। কিন্তু মাঝপথেই থেমে যায় নির্মাণ। দুই পাশের র‌্যাম্পের দৈর্ঘ্য বাড়িয়ে ৪৪২ মিটার করা হয়েছে সংশোধিত নকশায়। এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৬০ শতাংশ। নির্মাণ কাজ বন্ধ থাকায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।

আরও পড়ুন:

কাজ শুরু হওয়ার সময় স্থানীয়রা ভেবেছিলো তাদের জন্য এ ওভারপাস সুখবর নিয়ে আসবে কিন্তু বর্তমানে তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয়রা।

কর্তৃপক্ষ বলছে, প্রকল্পের মেয়াদ শেষ হলেও চাহিদা অনুযায়ী অর্থ ছাড় না পাওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। এছাড়াও, জমি অধিগ্রহণের জটিলতাও রয়েছে। দ্রুত কাজ শেষ করতে পারলে কমবে জনদুর্ভোগ।

চুয়াডাঙ্গার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘আশা করছি আগামী এক বছরের মধ্যে ওভারপাসের কাজ শেষ করা যাবে। তখন জনগণের দূর্ভোগও কমবে।’

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।

জেআর