ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা; বিস্ফোরণে মিল মালিকের মৃত্যু

নিহত মাসুদ
নিহত মাসুদ | ছবি: এখন টিভি
7

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টার মাশুল গুণতে হলো প্রাণ দিয়ে। ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ‘সততা অয়েল মিলস’-এর মালিক নুর আলম মাসুদ (৪৫)।

আজ (শনিবার, ১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন।

এর আগে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

আরও পড়ুন:

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।

নিহত মাসুদের ভাই মোর্শেদ জানান, নতুন একটি পদ্ধতিতে অকটেন তৈরির কাজ করছিলেন তার ভাই। তবে তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইপ বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি জেনেছি এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএইচ