আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম জানান, বিকেলে সেরাজুল ইসলাম পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় হঠাৎ অসংখ্য ভিমরুল তার ওপর আক্রমণ করে। একপর্যায়ে ভিমরুলের দল আশপাশের পথচারীদেরও ঘিরে ধরে।
আরও পড়ুন:
এসময় শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের মোটরসাইকেলে করে যাওয়ার সময় তারাও ভিমরুলের আক্রমণের শিকার হন। আত্মরক্ষার্থে তারা পাশের পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও এ ঘটনায় আরও অন্তত ১০ জন স্থানীয় বাসিন্দা ভিমরুলের কামড়ে আহত হয়েছেন।





