চ্যাম্পিয়ন্স লিগে হেভিওয়েট লড়াই; বায়ার্নের মাঠে রিয়ালের পরীক্ষা

বায়ার্ন ও রিয়াল মাদ্রিদের লোগো
বায়ার্ন ও রিয়াল মাদ্রিদের লোগো | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি ঘরের মাঠে খেলার সুবিধাও পাচ্ছে বায়ার্ন। যদিও চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের অতীত রেকর্ড সঙ্গ দেবে রিয়ালকে। রাতের আরেক ম্যাচে স্পোর্টিং সিপির বিপক্ষে খেলবে আর্সেনাল।

সময়টা রিয়াল মাদ্রিদের জন্য স্বস্তিদায়ক না। মৌসুমের মাঝপথেই বরখাস্ত হয়েছেন কোচ জাবি আলোন্সো। নতুন কোচ রাউল আরবেলোয়ার সময়টাও কিছুটা কঠিন। লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে এরইমাঝে ৬ পয়েন্ট পিছিয়ে আছে দল। কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে আগেই। এমন অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগই রিয়ালের সামনে একমাত্র সুযোগ।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল রিয়ালকে। ফিরতি লেগ যখন বায়ার্নের মাঠে, তখন রিয়াল ড্রেসিংরুমে বাড়তি চাপ থাকছে। কিন্তু অতীত রেকর্ডটা সঙ্গী তাদের। ২০১১-১২ মৌসুমের পর থেকে কখনোই বায়ার্নের কাছ থেকে হেরে বিদায় নিতে হয়নি মাদ্রিদের ক্লাবটিকে। বিগ ম্যাচের আগে তাই আত্মবিশ্বাসী দলের মিডফিল্ডার জ্যুড বেলিংহ্যাম।

আরও পড়ুন:

রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জ্যুড বেলিংহ্যাম বলেন, ‘আমরা বিশ্বাস করি না যে, সব শেষ হয়ে গিয়েছে। আপনি জানেন, ফুটবলে অদ্ভূত অনেক কিছুই হয়। কিন্তু এটা সত্যি, আমরা খুবই বাজে অবস্থায় ছিলাম আগের ম্যাচে। আমার মতে, ভালো বিষয়টা হলো আমাদের সামনে আগের সব ভুল শোধরানোর সুযোগ আছে।’

যদিও একই সময়ে বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার নিজের দলকে এগিয়ে রাখছেন সাম্প্রতিক ফর্ম বিবেচনায়।

বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার বলেন, ‘আমাদের সুবিধা হলো আমরা প্রথম ম্যাচটা জিতেছি। কিন্তু কেবল এক গোলের ব্যবধানে। আর আমরা জানি, অবশ্যই ফলাফল ওদের পক্ষে যেতে পারতো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা খুবই কঠিন আমাদের জন্য। তারপরেও আমরা কিছুটা এগিয়ে আছি।’

রাতের আরেক ম্যাচে মুখোমুখি হবে স্পোর্টিং সিপি এবং আর্সেনাল। আগের ম্যাচে শেষ সময়ের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গানাররা। চলতি ফর্ম ধরে রেখে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে চায় তারা। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের দুই ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়

জেআর