যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিলো: ইসমাইল বাঘাই

ইসমাইল বাঘাই
ইসমাইল বাঘাই | ছবি: সংগৃহীত
0

ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনায় সব বিষয়ে ইরান-যুক্তরাষ্ট্রের মতানৈক্য হয়নি বরং অনেকগুলো বিষয়ে তারা একমতও হয়েছিলেন বলে জানিয়েছেন ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই। আজ (রোববার, ১২ এপ্রিল) ইরান নিউজ নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ইসমাইল বাঘাই বলেন, ‘পাকিস্তানের মধ্যস্থতায় মোট ২৪ থেকে ২৫টি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। কিছু ক্ষেত্রে আমরা মার্কিন প্রতিনিধি দলের সাথে সমঝোতায় পৌঁছেছিলাম, তবে দুই বা তিনটি ক্ষেত্রে মতপার্থক্য ছিল এবং সেখানে আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে সক্ষম হইনি।’

হরমুজ প্রণালি এবং আঞ্চলিক পরিস্থিতির মতো নতুন বিষয়গুলো যুক্ত হওয়ায় আলোচনা আরও জটিল হয়ে পড়ে বলে জানান তিনি। তবে, ঠিক কোন বিষয়গুলোতে মতানৈক্য হয়েছিল, সেটি স্পষ্ট করে বলেননি তিনি।

এদিকে, এর আগে আরেক সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান যে দ্রুতই একটি চুক্তিতে পৌঁছাবে, তা কখনোই প্রত্যাশিত ছিল না।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শুরু থেকেই আমাদের এটা আশা করা উচিৎ ছিল না যে আমরা একটিমাত্র বৈঠকেই কোন চুক্তিতে পৌঁছাতে পারব। আমার মনে হয় না কারোই এমন কোনো প্রত্যাশা ছিল।’

তিনি বলেন, ‘৪০ দিনেরও বেশি সময় ধরে চলা চাপিয়ে দেয়া যুদ্ধের পর এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিনের মধ্যেই একটি শান্তি আলোচনা হয়েছে, যা অবিশ্বাস, সন্দেহ ও সংশয়ে ভরা এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।’

তবে, শান্তি আলোচনা বা একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা শেষ হয়ে গেল কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কূটনীতি কখনও শেষ হয় না।’

ইএ