গতকাল (শনিবার, ১১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে এবং মৌলদ হোসেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত। গ্রাহক বৃদ্ধি ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে সেই বিরোধ দুই পক্ষের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:
এক পর্যায়ে উভয়পক্ষ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞা জানান, দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংক্রান্ত বিষয় নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।





