সন্ধ্যা ৬টায় শপিংমল বন্ধের কথা থাকলেও মানছে না অনেক দোকানি

সন্ধ্যা ৬টার পর খোলা দোকান
সন্ধ্যা ৬টার পর খোলা দোকান | ছবি: এখন টিভি
0

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব মার্কেট ও শপিংমল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় বন্ধের কথা থাকলেও তা মানেনি অনেক দোকানি। রাজধানীর পল্টন-সায়েন্সল্যাব এবং চট্টগ্রামেও দেখা গেছে এমন চিত্র। ব্যবসায়ীদের দাবি- এই নির্দেশনার বিষয়ে জানেন না তারা। একইসঙ্গে দুই ঘণ্টা পেছানোর দাবি ব্যবসায়ীদের।

মধ্যপ্রাচ্য সংকটের জেরে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা দেয় সরকার। যার মধ্যে মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

তবে এই নির্দেশনা কার্যকরের প্রথম দিন শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টন ও সায়েন্সল্যাব এলাকা ঘুরে দেখা যায় বেশ কয়েকটি শপিংমল খোলা রয়েছে। দোকানিরা বলছেন, মালিক সমিতি তাদের দোকান বন্ধ করতে কোনো নোটিশ দেয়নি।

এছাড়া সকালে তেমন ক্রেতা না থাকায় সন্ধ্যা ৬টায় দোকান বন্ধ করলে বেচাকেনায় নেতিবাচক প্রভাবের আশঙ্কা প্রকাশ করেন তারা।

আরও পড়ুন:

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘সন্ধ্যা ৬টায় বন্ধ করতে হলে তো সময়টা অল্প। মানুষ আসবে কখন কিনতে।’

অন্য একজন বলেন, ‘সিদ্ধান্ত যে এমন হয়েছে তা আগে জানানো হয়নি। ৬টার আগে আগে জানানো হয়েছে। আমরা ৯টায় বন্ধ করতাম, কিন্তু আগেই করতে হচ্ছে।’

এদিকে বন্দরনগরী চট্টগ্রামেও দেখা গেছে একই চিত্র। নগরের মিমি সুপার মার্কেটে রাত ৮টার পরও খোলা থাকতে দেখা গেছে অধিকাংশ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান। একই কারণ দেখিয়ে পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যবসার কথা বিবেচনা করে দোকান খোলার সময় পিছিয়ে বন্ধের সময়সীমা বাড়ানোর দাবি জানান দোকানিরা।

অন্যদিকে, সরকারের এই সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছেন ক্রেতারা। তারা বলছেন, এমন সিদ্ধান্ত কার্যকর হলে বন্ধের আগের কেনাকাটা সারবেন তারা।

এসএস