রাঙামাটিতে হামের লক্ষণে ৪ শিশুর রক্তের নমুনা সংগ্রহ করলো স্বাস্থ্য বিভাগের

রাঙামাটি স্বাস্থ্য কমপ্লেক্স
রাঙামাটি স্বাস্থ্য কমপ্লেক্স | ছবি: এখন টিভি
0

হামের লক্ষণ থাকায় ৪ শিশুর রক্তের নমুনা সংগ্রহ করেছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা শিশু থেকে রক্তের এ নমুনা সংগ্রহ করা হয়। তবে আক্রান্তরা বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছে। ১৭ হাজার টিকা মজুদ রয়েছে ও সরকারি ঘোষণা পেলে টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

আজ (বুধবার, ১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিবলী শফি উল্লাহ।

ডা. শিবলী বলেন, ‘চারজন শিশুর রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে হামের লক্ষণ থাকায় রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এদেরমধ্যে উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার দুইজন, বেতবুনিয়া ইউনিয়নের সাপনালাপাড়ায় একজন ও ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া এলাকার একজন রয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সবাই বর্তমানে নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছে। চার জনের মধ্যে একজনের শরীরে গুটি উঠেছে, বাকিদের বেশ কয়েকদিন ধরে জ্বর। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা রয়েছে। প্রয়োজনে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।’

রাঙামাটির সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, ‘হাম রোগীর নমুনা সংগ্রহ এটি আমাদের রুটিন কাজ। চার শিশুর রক্তের নমুনা পাঠানো হয়েছে ঢাকায়। এটিকে নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‘আমরা প্রতি মাসে সাড়ে এগারশত টিকা দিয়ে থাকি এবং এখনো প্রায় ১৭ হাজার টিকা মজুদ আছে। সরকার ঘোষণা দিলেই আমরা কার্যক্রম শুরু করে দিবো’

এফএস